সিলেটটুডে ডেস্ক | ১৮ ডিসেম্বর, ২০১৭
রাজধানীর বনানীর হোটেলে ধর্ষিত হওয়ার অভিযোগ করেছেন এক নারী। এনিয়ে থানায় মামলা হয়েছে। অভিযোগকারী ৩২ বছর বয়সী এই নারীর অভিযোগ কুশান ওমর সূফির (৩৮) বিরুদ্ধে।
সোমবার থানায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল মতিন।
মামলার এজাহারে ওই নারী বলেছেন, তিনি বনানীর সুইট ড্রিম হোটেলে গত ২০ নভেম্বর ধর্ষণের শিকার হন। সূফির সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার কথা জানিয়ে ওই নারী বলেছেন, তাকে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে ওই হোটেলে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়’।
ওই ঘটনার পর মামলা এড়াতে বিয়ের আশ্বাসও সূফি দিয়েছিলেন বলে দাবি করেন এই নারী। কিন্তু এখন সূফির পরিবার তা অস্বীকার করার পাশাপাশি সূফিকে বিদেশ পাঠিয়ে দিতে চাইছে বলে তিনি মামলা করেছেন বলে এজাহারে বলেন তিনি। সূফির পরিবারের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করেন এই নারী।
অভিযোগের বিষয়ে সূফির কোন বক্তব্য পাওয়া যায়নি।
হোটেলের ব্যবস্থাপক সাগর চন্দ্র দে বলেন, সেদিন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে রাতে কাটিয়েছিলেন সূফি ও ওই নারী। পরদিন সকালে স্বাভাবিকভাবেই চলে গেছেন।
হোটেলের রিসিপশনে ধারণ করা ভিডিও ফুটেজ ও অন্যান্য কাগজপত্র পুলিশকে দিয়েছেন বলেও জানান সাগর।
বনানীর রেইনট্রি হোটেলে আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আসার সাত মাসের মধ্যে কামাল আতাতুর্ক সড়কের সুইট ড্রিম হোটেলে একই ধরনের ঘটনার অভিযোগ এল।
ওই নারী এজাহারে বলেছেন, দেড় বছর আগে সূফির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, এরপর সুফির বনানীর ওল্ড ডিওএইচএসের বাড়িতে তার যাতায়াতও ছিল।