Sylhet Today 24 PRINT

পতাকা সদৃশ কেক দেখে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০১৭

বিজয় দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় পতাকা সদৃশ কেক না কেটে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। জাতীয় পতাকা সদৃশ কেক তৈরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করারও নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

সোমবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এঘটনা ঘটে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠানটি হলেও এর আয়োজনের দায়িত্বে ছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির একাধিক কর্মকর্তা বলেন, অনুষ্ঠানটি ছিল মূলত আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী। বিকেলে শুরু হওয়া এই আলোচনা শেষ হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। শেষে নাশতা খাওয়ার সময় মাউশির কয়েকজন কর্মকর্তা পতাকা সদৃশ কেকটি কাটার আয়োজন করেন। কিন্তু কেক কাটার প্রাক্কালে শিক্ষামন্ত্রী সেটি দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠেন। মন্ত্রী বলেন, তিনি কি পতাকা কাটবেন নাকি? সঙ্গে সঙ্গে তিনি এটি সেখান থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন। পরে তা সরিয়ে নেওয়া হয়। এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সমালোচনা করছেন। তাঁরা বলছেন, এটি জাতীয় পতাকার প্রতি অসম্মান।

মাউশির মহাপরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.