নিউজ ডেস্ক | ১৩ জানুয়ারী, ২০১৫
সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল (৪৬) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবের আহমদের নেতৃত্বে এক দল পুলিশ তার মাতিউরাস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। নজমুল হোসেন পুতুলের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলার রয়েছে। এছাড়াও গত কয়েকদিনে বিয়ানীবাজার থেকে স্থানীয় বিএনপির ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবের আহমদ পুতুল গ্রেফতারের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
এদিকে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ ওদুদ রোকন উপজেলা বিএনপির সভাপতি গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পুলিশী নির্যাতন করে আমাদের আন্দোলন ঠেকানো যাবে না। আমরা কঠোর আন্দোলনের কর্মসূচী দিচ্ছি।