নিউজ ডেস্ক | ০৬ জুন, ২০১৫
ভারতের বিশেষ কমান্ডো বাহিনী ‘ব্ল্যাক ক্যাট’-এর সদস্যরা তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে তার চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করে থাকবে । আর ভারত থেকে আনা বুলেট প্রুফ গাড়িতে করেই ঢাকায় ঘুরবেন তিনি।
গাড়ির পাশাপাশি ইতোমধ্যেই ঢাকা এসে পৌঁছেছে ব্ল্যাক ক্যাটের সদস্যরাও। সঙ্গে রয়েছে ভারতের স্পেশাল প্রটেকশন গ্রুপ (এসপিজি)। মোদির বহরে থাকা গাড়িগুলোর অধিকাংশই ভারত থেকে এসেছে।
যেসব ভেন্যুতে মোদি যাবেন সেগুলো আগেভাগেই পরিদর্শন করেছেন ব্ল্যাক ক্যাটের সদস্যরা। নিরাপত্তার কোথাও ছিদ্র রাখা হয়নি। পাশাপাশি জরুরি ব্যবস্থা হিসেবেও সার্বিক প্রস্তুতি নিশ্চিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাংলাদেশের স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সঙ্গে সমন্বয় করেই নিরাপত্তা ব্যূহ তৈরি করেছে ভারতের এই কমান্ডো বাহিনী। পাশাপাশি প্রস্তুত রয়েছে পুলিশ, র্যাব ও এসপিবিএন। তারা মোদির চলাচলের সময় সড়কের দু’পাশে দায়িত্ব পালন করবেন।
আজ সকাল সোয়া ১০টায় ঢাকায় এসে ভারতের প্রধানমন্ত্রী অবস্থান করবেন ৩৪ ঘণ্টা। ১২টি ভেন্যুতে ১৩টি নির্ধারিত প্রোগ্রামে অংশ নেবেন তিনি। তার চলাচলের সময় রাজধানীর কোনো সড়কে যানচলাচলে তেমন কোনো পরিবর্তন আসছে না।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন) মীর রেজাউল আলম জানান, মোদি ও তার সফর সঙ্গীদের চলাফেরার জন্য যানচলাচলের ক্ষেত্রে ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু কড়াকড়ি আরোপ করা হবে।
রাজধানী ঢাকার রাস্তায় চলাফেরার সময় মোদির গাড়িবহর ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পাশাপাশি জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধু জাদুঘর, হোটেল সোনারগাঁও, প্রধানমন্ত্রীর কার্যালয়, রামকৃষ্ণ মিশন মঠ, ঢাকেশ্বরী মন্দিরসহ যেসব জায়গায় মোদি যাবেন সেসব স্থাপনায় ইতোমধ্যে নিরাপত্তাবলয়ের মধ্যে নিয়ে নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। ওইসব স্থাপনায় সাধারণ মানুষের চলাফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।