Sylhet Today 24 PRINT

নিখোঁজের ৪ মাস পর কল্যাণ পার্টির মহাসচিবকে উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ডিসেম্বর, ২০১৭

নিখোঁজ থাকা এক সাংবাদিক ও এক বিশ্ববিদ্যালয় শিক্ষক ফিরে আসার পর এবার প্রায় চার মাস ধরে নিখোঁজ থাকা কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমানের খোঁজ মিলেছে।

আমিনুর রহমানের মোবাইল ফোন ট্র্যাক করে শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ১২টার দিকে রাজধানীর শাহজাদপুরে তার অবস্থান শনাক্ত করার পর পুলিশ তাকে উদ্ধার করে। বর্তমানে তিনি ঢাকার গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আছেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার শেখ নাজমুল আলম জানান, মোবাইল ফোন ট্র্যাক করে শুক্রবার রাতে শাহজাদপুর থেকে আমিনুর রহমানকে উদ্ধার করা হয়েছে। তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তার নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি বলেও জানান তিনি।

প্রসঙ্গত, প্রায় আড়াই মাস নিখোঁজ থাকার পর মঙ্গলবার মধ্যরাতে ফিরে আসেন সাংবাদিক উৎপল দাস। নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় একটি মাইক্রো-বাস থেকে তাকে নামিয়ে দেওয়া হয় বলে জানান উৎপল। উৎপল দাস ফিরে আসার পর বৃহস্পতিবার রাতে ফিরে আসেন দেড় মাস ধরে নিখোঁজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান সিজার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.