Sylhet Today 24 PRINT

উদ্ধার করে গ্রেপ্তার, এরপর রিমান্ডে কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ডিসেম্বর, ২০১৭

নিখোঁজের চার মাস পর উদ্ধার হওয়া ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে বাড্ডার শাহজাদপুর থেকে আমিনুরকে উদ্ধারের পর একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (২৩ ডিসেম্বর) তাকে ঢাকা মুখ্য মহানগর (সিএমএম) হাকিম আদালতে হাজির করা হয়। সেখানে ২০১৫ সালে নৌ-পরিবহনমন্ত্রীর মিছিলে হামলার ঘটনায় গুলশান থানায় করা মামলায় ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।

পরে বিকাল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে রিমান্ড শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপার্সন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হয়। সেখানে সমাবেশ শেষে ২০ থেকে ৩০ হাজার সাধারণ মানুষ নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপার্সন কার্যালয় ঘেরাও করার জন্য রওনা হলে আসামিরা হত্যার উদ্দেশে তাদের ওপর বোমা নিক্ষেপ করেন।

এ ঘটনায় করা মামলায় ৪ মাস নিখোঁজ থাকা এম এম আমিনুর রহমানকে শুক্রবার রাতে রাজধানীর শাহজাদপুর সড়ক থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত ২৭ আগস্ট নিখোঁজ হন কল্যাণ পার্টির মহাসচিব। ওইদিন রাজধানীর নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজার পল্লীবিদ্যুৎ অফিসের পাশে তার নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়ে নিখোঁজ হন তিনি। এতদিন তিনি কোথায় ছিলেন এ ব্যাপারে বিস্তারিত কিছুই এখনো জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.