Sylhet Today 24 PRINT

ঢাকায় নামলেন মোদী

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুন, ২০১৫

ভারতীয় বিমান বাহিনীর "রাজদূত" নামক বিশেষ বিমানে করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ১০টা ১৫ মিনিটে মোদীকে বহনকারী বিমানটি অবতরন করে। রাজদূত’ নামের এই উড়োজাহাজটির সামনে দুই পাশে উড়ছে বাংলাদেশ ও ভারতের পতাকা।

ঢাকার পথে নয়া দিল্লি ছাড়ার ঠিক আগেই টুইট করে বলেন - "বাংলাদেশ যাচ্ছি। এই সফরে আমাদের দুই দেশের বন্ধন আরও দৃঢ় হবে। সুবিধা পাবে এই অঞ্চলের মানুষ"।

বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সকল মন্ত্রী। তিন বাহিনীর প্রধান সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ন ব্যক্তিরা।

লাল গালিচায় হেঁটে  বিমানবন্দরে স্থাপিত অস্থায়ী মঞ্চে উঠেন দুই দেশের সরকার প্রধান। এসময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে নরেন্দ্র মোদীকে গার্ড অব অনার প্রদান করে সশ্রস্ত্রবাহিনীর চৌকস দল। এসময় বেজে উঠে "ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরাতাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা" গানের সুর। বিমানবন্দর থেকে সরাসরি মোদী চলে গেছেন সাভারের স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধের শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য।

ঐতিহাসিক এই সফরে সীমান্ত চুক্তির বাস্তবায়ন সহ বেশ কয়েকটি চুক্তি হবার কথা আছে। ভারতের প্রধানমন্ত্রীর সাথে সফরে আছেন ত্রিপুরা, মেঘালয়, আসাম ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরাও। অবশ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত রাতেই ঢাকা এসে পৌঁছেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.