Sylhet Today 24 PRINT

রমা চৌধুরী অসুস্থ হয়ে ফের হাসপাতালে, চিকিৎসায় ‘সহায়তা প্রয়োজন’

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৭

'একাত্তরের জননী' খ্যাত লেখিকা রমা চৌধুরী ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রোববার (২৪ ডিসেম্বর) নিজ বাসায় পড়ে গিয়ে তিনি গুরুতর অসুস্থ হন।

জরুরি ভিত্তিতে তাকে চট্টগ্রামের জিইসি মোড়ের মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে।

তার ঘনিষ্ঠ সূত্র জানায়, ৭৮ বছর বয়সী রমা চৌধুরী বিভিন্ন ধরণের জটিল রোগে ভুগছেন। এসব রোগের মধ্যে রয়েছে- পিত্তথলীতে পাথর, ডায়াবেটিস, অ্যাজমা, পেটে ক্ষত, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ। বয়সের কারণে পিত্তথলীর পাথর অপসারণ করা যাচ্ছে না বলে তিনি এ থেকে ব্যথায় ভুগছেন।

এদিকে একাত্তরের বীরাঙ্গনা রমা চৌধুরীর চিকিৎসার জন্য সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ একজন প্রকাশক।

“চিকিৎসকরা জানিয়েছেন তার অপারেশনের প্রয়োজন। চিকিৎসার জন্য যে অর্থের প্রয়োজন, তা আমাদের কাছে নেই।”

জীবনে কখনো কারো কাছ থেকে আর্থিক সহায়তা গ্রহণ না করলেও এবার চিকিৎসার জন্য সহায়তা চেয়েছেন এই বীরাঙ্গনা।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধে সম্ভ্রম, ঘরবাড়ি, নিজের সৃষ্ট সাহিত্য, সর্বোপরি দুই সন্তান হারানো এই বিপর্যস্ত জীবনসংগ্রামী তিন দশকের বেশি সময় ধরে চট্টগ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে বই বিক্রি করেছেন। নিজের লেখা বই ফেরি করে বিক্রি করা এই লেখিকার নিজের ভাষায় তিনি 'একাত্তরের জননী'। ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে মাস্টার্স করেছিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.