Sylhet Today 24 PRINT

স্বজনদের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন কারাবন্দীরা

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০১৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কারাবন্দীরা যাতে স্বজনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন মনে না করেন সেজন্য স্বজনদের সঙ্গে তাদের মোবাইল ফোনে কথা বলার ব্যবস্থার উদ্যোগ নেয়া হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দীদের সংশোধন ও পুনর্বাসনের জন্য নবনির্মিত গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং জামদানি উৎপাদন কেন্দ্র 'রিজিলিয়ান্স' উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের প্রত্যেকটি কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলা হবে। কারাবন্দীদের মানসিক বিকাশের জন্য খেলাধুলাসহ বিনোদনের ব্যবস্থা করা হবে। বন্দীরা যাতে ভবিষ্যতে কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে পারে, সেজন্য তাদেরকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা কারাগারে উদ্বোধন করা গার্মেন্টস বন্দীরাই চালাবেন। পর্যায়ক্রমে দেশের অন্যান্য কারাগারেও এই সুবিধা চালু করা হবে।

মন্ত্রী আরো বলেন, কারাগারের ভেতরে মাদকসহ অবৈধ কোন জিনিস যাতে ঢুকতে না পারে সেজন্য কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। এজন্য কারারক্ষীদের বিশেষ প্রশিক্ষণ ও গেইটে স্ক্যানার মেশিন বসানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীক, সেলিম ওসমান, শামীম ওসমান ও নজরুল ইসলাম বাবু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মেদ, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, জেলা প্রশাসক রাব্বী মিয়া, পুলিশ সুপার মঈনুল হক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.