Sylhet Today 24 PRINT

পদ্মা সেতুর অগ্রগতি ৫০ শতাংশ : কাদের

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০১৭

ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতুর সামগ্রিক অগ্রগতি ৫০ শতাংশ। মূল সেতুর কাজ অনেক এগিয়ে গেছে।’

বুধবার (২৭ ডিসেম্বর) সিরাজদিখান উপজেলার মস্তফাগঞ্জ সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

এসময় তিনি আরো বলেন, ‘পদ্মা সেতুর ব্যাপারে আমি খুব বেশি বলি না। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করে যাব কথা বেশি না বলে। সে জন্য আমি এখন আপডেটও দেই না।’

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী চৌরাস্তার ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন এলাকায় ছয় কোটি টাকা ব্যয়ে শ্রীনগর সওজ পরিদর্শন বাংলোর ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। এ ছাড়া তিনি পাঁচটি সেতুর উদ্বোধন করেন। যেই পাঁচটি সেতু উদ্বোধন করা হয়েছে সেগুলো হলো মস্তফাগঞ্জ সেতু, রান্ধুনী বাড়ি সেতু, সিংপাড়া সেতু, কোলা সেতু, কুসুমপুর বাগানবাড়ী মসজিদ (মালীপাড়া) সেতু।

সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা নদী পৃথিবীর আমাজানের মতো একটি নদী, একেবারে অনিশ্চিত একটি নদী। নির্দিষ্ট তারিখ দিয়েও আমরা সেই নির্ধারিত সময় রাখতে পারি না। দ্বিতীয় স্প্যান বসতে আমাদের আরেকটু সময় লাগবে, যেটা মধ্য জানুয়ারি পর্যন্ত গড়াতে পারে। পদ্মার নিচে এত বেশি অনিশ্চিত পরিস্থিতি সেখানে গভীরতা মিলিয়ে টেকনিক্যাল কিছু সমস্যা আছে। আমাদের টার্গেট আমরা যথাসময়েই শেষ করব।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘আরো ৭৬টির মধ্যে ৪৪টি ব্রিজ আমরা করে ফেলেছি, সামান্য কিছু কাজ চলছে। ২০০৮ থেকে ৪৪টি ব্রিজ নির্মাণ করেছে আওয়ামী লীগ সরকার।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.