Sylhet Today 24 PRINT

৯টি পৌরসভা ও ১১৫টি ইউপিতে বৃহস্পতিবার ভোট

সিলেটটুডে ডেস্ক  |  ২৭ ডিসেম্বর, ২০১৭

দেশের ৯টি পৌরসভা ও ১১৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৯টি পৌরসভা (৬টি সাধারণ, ৩ উপ-নির্বাচন), ইউপির ১১৫টি (৩৭টি সাধারণ-স্থগিত নির্বাচন, ৭৮টি উপ-নির্বাচন), জেলা পরিষদের ২টি ওয়ার্ডে সাধারণ ও ১টি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট শাখা থেকে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল ৮টায় স্থানীয় সরকারের এসব এলাকায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। ২৮ ও ২৯ নভেম্বর বাছাই ও ৭ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়।

ইসি সূত্র জানা যায়, বন্যা, মামলাসহ বিভিন্ন জটিলতার কারণে যেসব এলাকায় নির্বাচন হয়নি সে নির্বাচনগুলোই এখন সম্পন্ন করা হচ্ছে।

এদিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলামকে নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখতে বলেছে কমিশন। ইসি সচিবালয়ের যুগ্ম-সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা কুমিল্লা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়। এখানকার ১৫টি ইউপিতে সাধারণ ও ৪টি ইউপিতে বিভিন্ন পদে ভোট অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.