Sylhet Today 24 PRINT

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান-এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০১৭

অর্থপাচারের অভিযোগে এবি ব্যাংকের (পুরাতন আরব বাংলাদেশ ব্যাংক)  সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম ফজলুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় তিনি দুদক কার্যালয়ে এম ওয়াহিদুল হককে জিজ্ঞাসাবাদ শুরু করেন কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। পরে সকাল সাড়ে ১০টার পর ফজলুর রহমানকেও জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

এর আগে বুধবার ওয়াহিদুল হকসহ নয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ওয়াহিদুল হক ও এম ফজলুর রহমান ছাড়া বাকি ৭ জন হলেন- শামিম আহমেদ চৌধুরী এবং হেড অব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট অ্যান্ড ট্রেজারি আবু হেনা মোস্তফা কামাল, হেড অব কর্পোরেট মাহফুজ উল ইসলাম, হেড অব অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) মোহাম্মদ লোকমান, ওবিইউ এর কর্মকর্তা মো. আরিফ নেয়াজ, ব্যাংক কোম্পানি সেক্রেটারি মাহদেব সরকার সুমন এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তা এম এন আজিম।

গত ১০ ডিসেম্বর তদন্ত সংশ্লিষ্ট তথ্য চেয়ে ব্যাংকটির এমডির কাছে চিঠি দেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল। তারপর ১৩ ও ১৪ ডিসেম্বর ওয়াহিদুল হক ফজলুর রহমান, শামিম আহমেদ এবং মোস্তফা কামালকে দুদকে হাজির হতে বলা হয়। কিন্তু তারা হাজির না হয়ে দুদকে উপস্থিত হতে সময়ের আবেদন করেন। এর প্রেক্ষিতে আবার তাদের হাজির হতে চিঠি পাঠানো হয় বুধবার।

প্রসঙ্গত, সিঙ্গাপুরে একটি অফশোর প্রতিষ্ঠানে এবি ব্যাংকের অফশোর ইউনিটের মাধ্যমে ৪ কোটি ২৫ লাখ ৪০ হাজার ডলার বা ৩৪০ কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.