Sylhet Today 24 PRINT

স্থলসীমান্ত প্রটোকলে স্বাক্ষর

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুন, ২০১৫

দীর্ঘ দিনের প্রতীক্ষার পর বাংলাদেশ-ভারতের মধ্যে স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এ চুক্তির অনুসমর্থনের স্বাক্ষরিত দলিল হস্তান্তর করা হয়। এর ফলে এখন স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের পথে আর কোনো বাধা রইলো না।

শনিবার প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা কক্ষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক এবং ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর নিজ নিজ দেশের পক্ষে দলিল হস্তান্তর করেন।

এসময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উপস্থিত ছিলেন। স্থলসীমান্ত চুক্তির প্রটোকল সই হওয়ার পর তিনি হোটেল রেডিসনে ফিরে গেছেন।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এর আগে ঢাকা-শিলং-গোয়াহাটি ও কলকাত-ঢাকা-আগরতলা রুটে বাস সার্ভিস উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.