Sylhet Today 24 PRINT

৫৯ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০১৭

চলতি বছরের জেএসসি ও জেডিসিতে শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। একই সাথে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৩১টি। এবার মোট ৫২৭৯টি স্কুল ও মাদরাসার সবাই পাস করেছে। অপরদিকে ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে।

২০১৬ সালে শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ৯৪৫০টি এবং কোন শিক্ষার্থী পাস না করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৮টি।

শনিবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এবার সারাদেশে মোট ২৮৮২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেন।

সংবাদ সম্মেলনে সরবরাহ করা ফলাফলের সার-সংক্ষেপ পর্যালোচনা করে দেখা গেছে, ঢাকা বোর্ডে ৫২৯, রাজশাহীতে ১৩৫, কুমিল্লায় ৬১, যশোরে ২৮১, চট্টগ্রামে ৯০, বরিশালে ৮১২, সিলেটে ১৭১ ও দিনাজপুর বোর্ডে ৫৮০টি শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

মাদরাসা শিক্ষা বোর্ডে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১৭২০টি, গত বছর এ সংখ্যা ছিল ৩২০৩টি।

অপরদিকে ঢাকা বোর্ডে ৬, রাজশাহীতে ৫, কুমিল্লায় একটি, যশোরে ৯, দিনাজপুরে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে। এ ছাড়া চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বোর্ডে কোনো শূন্য পাস স্কুল নেই।

মাদরাসা বোর্ডের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। গত বছর এ সংখ্যা ছিল ২০টি।

এবার পাসের হার জেএসসিতে ৮৩ দশমিক ১০ শতাংশ ও জেডিসিতে ৮৬ দশমিক ৮০ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.