Sylhet Today 24 PRINT

ফরহাদ মজহার ও ফরিদা আখতারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

সিলেটটুডে ডেস্ক  |  ৩১ ডিসেম্বর, ২০১৭

মিথ্যা মামলা করার অভিযোগে দায়ের হওয়া মামলায় কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার ও তাঁর স্ত্রী মানবাধিকার নেত্রী ফরিদা আখতারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (৩১ ডিসেম্বর) ঢাকার মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ ওই নির্দেশ দেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান সাংবাদিকদের জানান, আগামী ৩০ জানুয়ারির মধ্যে হাজিরা দেওয়ার জন্য সমন জারি করা হয়।

অভিযোগে ফরহাদ মজহার এবং ফরিদা আখতারের বিরুদ্ধে দণ্ডবিধির ২১১ ধারায় মামলা করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত ২৮ ডিসেম্বর ডিবি পুলিশের পরিদর্শক মাহবুবুল ইসলাম বাদী হয়ে রাজধানীর আদাবর থানায় মামলাটি করেন।

এর আগে ফরহাদ মজহারের বিরুদ্ধে গত ৭ ডিসেম্বর মামলা করার অনুমতি দেন ঢাকার মহানগর হাকিম খুরশিদ আলম।

ফরহাদ মজহার অপহৃত হয়েছেন অভিযোগ এনে গত ৩ জুলাই তাঁর স্ত্রী ফরিদা আখতার আদাবর থানায় মামলা করেন। ডিবি পুলিশ মামলাটি তদন্ত করে ৭ ডিসেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে ফরহাদ মজহার অপহৃত হননি বলে উল্লেখ করা হয় এবং মিথ্যা তথ্যে মামলা করার অভিযোগে দণ্ডবিধির ২১১ ধারায় প্রসিকিউশনের মামলা করার অনুমতি চাওয়া হয়।

চূড়ান্ত প্রতিবেদন দাখিলের দুদিন পর ৯ ডিসেম্বর ফরহাদ মজহার রাজধানীর শ্যামলী রিং রোডের ১ নম্বর বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি দাবি করেন, গত ৩ জুলাই ভোর ৫টার দিকে বাসা থেকে বের হওয়ার পরপরই তাঁকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাঁকে খুলনা-যশোর সীমান্তের দিক দিয়ে সীমান্তের ওপারে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.