Sylhet Today 24 PRINT

‘ব্যাংক কর্মকর্তা সৈকত আত্মগোপনে ছিলেন’

সিলেটটুডে ডেস্ক  |  ০১ জানুয়ারী, ২০১৮

নিখোঁজ থাকা ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা মো. নাইমুল ইসলাম সৈকতকে গতকাল রোববার চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানার কাচারীপাড়া এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। তিনি আত্মগোপন করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, নিখোঁজ ব্র্যাক ব্যাংক কর্মকর্তাকে উদ্ধারের লক্ষ্যে তদন্ত শুরু করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। বিভিন্ন তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাঁর অবস্থান সনাক্ত করে হাটহাজারী থেকে তাঁকে উদ্ধার করা হয়।

এর আগে গত ২৬ ডিসেম্বর ব্র্যাক ব্যাংক শ্যামলী শাখা থেকে নিকেতনে অনিক টাওয়ারে ব্যাংকটির সদর দপ্তরে যাওয়ার কথা বলে বের হন সৈকত। এ ব্যাপারে স্ত্রীর সঙ্গেও মোবাইল ফোনে কথা বলেন তিনি। এরপর থেকে তাঁর কোনো সন্ধান না পেয়ে তাঁর স্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় গত ২৭ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ সাংবাদিকদের জানান, নাইমুল ইসলাম সৈকত ব্র্যাক ব্যাংক শ্যামলী শাখার একজন ব্রাঞ্চ সেলস অ্যান্ড সার্ভিস অফিসার। তিনি ব্র্যাক ব্যাংক থেকে প্রায় দুই কোটি টাকা নিয়ে মানুষের কাছে সুদে লাগান। এই টাকা মানুষের কাছ থেকে উদ্ধার করতে না পেরে তিনি চট্টগ্রামে আত্মগোপন করেছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.