সিলেটটুডে ডেস্ক | ০১ জানুয়ারী, ২০১৮
বিএনপিকে আগামী ৫ জানুয়ারি সমাবেশের অনুমতি দেবে না পুলিশ। ওইদিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে সোমবার আবেদন করেছিল বিএনপি।
অনুমতি না দেয়ার কারণ হিসাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, "বিএনপি ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে আজকে (১ জানুয়ারি) আবেদন করে একটি চিঠি দিয়েছে। কিন্তু একই দিন সমাবেশের অনুমতির চেয়ে বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির আবেদন পেয়েছি গত ১২ ডিসেম্বর। এক জায়গায় দুই দলকে অনুমতি দেয়া যায় না। তাছাড়া বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টিকে আগেই অনুমতি দেয়া হয়েছে। সে হিসেবে একই দিন সমাবেশ হওয়ায় বিএনপিকে অনুমতি দেয়া সম্ভব নয়।"
তিনি বলেন, "রোববার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টিকে অনুমতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।"
এর আগে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৫ জানুয়ারিতে সমাবেশের আবেদনের বিষয়টি জানান। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে এদিন সারাদেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি। একইদিনে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিল দলটি।