Sylhet Today 24 PRINT

রাজধানীতে ছাত্রদলের সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ

সিলেটটুডে ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০১৮

জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্র সমাবেশস্থলে দু'টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সমাবেশ শুরুর পূর্বে ঘটা এ বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের চত্বরে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুর ২টায় অনুষ্ঠিতব্য এ ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছাত্রদলের বর্তমান ও সাবেক কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সমাবেশ উপলক্ষে সকাল ১০টা থেকেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বিস্ফোরণের সময় সেখানে থাকা ঢাকা কলেজ ছাত্রদলের নেতা তরিকুল ইসলাম টিটু জানান, সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেটের কাছে চত্বরে পর পর দু'টি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় বেশির ভাগ নেতাকর্মী মিলনায়তনের ভেতরে ছিলেন।

শাহবাগ থানার এসআই দিদার জানান, বাইরে থেকে দু'টি ককটেল ছুড়ে মারা হয়। এ সময় আমরা ইনস্টিটিউট মিলনায়তনের ভেতরে ছিলাম। এতে কেউ হতাহত হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.