সিলেটটুডে ডেস্ক | ০২ জানুয়ারী, ২০১৮
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের আশ্বাসেও কাজ হলো না। এমপিওভুক্তির দাবিতে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা। নিজেদেরকে এমপিওভুক্ত করার জন্য সুনির্দিষ্ট তারিখের ঘোষণা না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন।
মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১১টা ১০ মিনিটে শিক্ষামন্ত্রীসহ শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনের অষ্টম দিনে অনশনরত নন-এমপিও শিক্ষকদের অনশন ভাঙাতে আসেন। কিন্তু সফল হননি তারা। সুনির্দিষ্ট তারিখ ছাড়া রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা।
এসময় শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের আশ্বাস দিয়ে বলেন, আপনাদের দাবির বিষয় নিয়ে আমি অর্থমন্ত্রীর কাছে গিয়েছিলাম। তিনি আশ্বাস দিয়েছেন, একটি নীতিমালা তৈরি করে শিগগির এমপিওভুক্তির কাজ শুরু করা হবে।
এসময় তিনি আন্দোলনকারী শিক্ষকদের অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিয়ে বাড়ি চলে গিয়ে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদানের কথা বলেন। তবে শিক্ষামন্ত্রীর আশ্বাসেও শিক্ষকরা তাদের অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
শিক্ষক নেতা বিনয় ভূষণ রায় বলেন, আশ্বাস দিলে হবে না, নির্দিষ্ট সময় বেধে দিতে হবে; যে এই সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া হবে। যতক্ষণ এই নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়া হবে না ততদিন পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।
দীর্ঘদিন থেকে এমপিওভুক্তির দাবি আদায়ে আন্দোলন করে আসছে নন-এমপিও শিক্ষকরা। এছাড়া বিভিন্ন সময় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপিও দিয়েছেন। এরপরও ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তি অথবা বাড়তি ভাতার ব্যবস্থায় কোনো বরাদ্দ রাখা হয়নি।
এর ফলে ২৬ ডিসেম্বর থেকে অবস্থান ধর্মঘট পালন শুরু করে আসছে শিক্ষকরা। পাঁচদিন অবস্থান কর্মসূচির পালনের পর ৩১ ডিসেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষকরা।