Sylhet Today 24 PRINT

বছরের শুরুতেই আসছে শৈত্যপ্রবাহ, সঙ্গে বৃষ্টি

সিলেটটুডে ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০১৮

নতুন বছরের শুরুতেই দেশের মানুষকে মোকাবেলা করতে হবে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাতের তাপমাত্রা কমতে পারে এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও শৈত্যপ্রবাহ চলতে পারে।

জানুয়ারি মাসের আবহাওয়া পূর্বাভাসের বিষয়ে আবহাওয়াবিদ সামছুদ্দিন আহমেদ বলেন, এ মাসে দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) বা তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ এবং অন্য কয়েকটি জায়গায় ২ থেকে ৩টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি  শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে সার্বিকভাবে এ মাসের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

তিনি আরও জানান, জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর থেকে মঙ্গলবারের (২ জানুয়ারি) পূর্বাভাসে বলা হয়েছে- চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং সিলেট, বরিশাল ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে, গতকাল বছরের প্রথম দিনেই বৃষ্টি হয়েছে দেশের দক্ষিণাঞ্চলে। উত্তরাঞ্চলেও কমছে তাপমাত্রা। পৌষের তৃতীয় সপ্তাহেই মৃদু শৈত্যপ্রবাহ শুরুর আভাস রয়েছে।

গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ময়মনসিংহে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন কক্সবাজারে ১৯ মিলিমিটার, কুতুবদিয়ায় ১ মিলিমিটার ও টেকনাফে ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.