Sylhet Today 24 PRINT

‘মাদক নির্মূলে একটাই কথা, শুট অন সাইট’

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০১৮

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি বলেছেন, মাদক নির্মূলে জাতীয় সংলাপ প্রয়োজন। কারণ জাতীয় ঐকমত্য ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়।

মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সংলাপে সবাই যদি মনে করেন, মাদক দেশের এক নম্বর সমস্যা, তা হলে কঠোর হতে হবে। কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এ জন্য মাদক ব্যবসায়ীদের দেখামাত্র গুলি করার মতো সিদ্ধান্ত নিতে হবে।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ডিএনসি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্য বক্তা মাদক নির্মূলে ডিএনসিতে লোকবল বাড়ানো, সদস্যদের অস্ত্র ব্যবহারের সুযোগ, প্রশিক্ষণ ও আধুনিক সরঞ্জাম দেওয়ার কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এসব বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে জানান, মন্ত্রী হিসেবে এসবের সঙ্গে একমত হলেও মাদক নির্মূলে নাগরিক হিসেবে তার ভিন্নমত রয়েছে।

গণশিক্ষামন্ত্রী বলেন, 'মাদক নির্মূলের জন্য এক লাখ পুলিশ সদস্য নিয়োগ করলেও কাজ হবে না। এর জন্য ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করতে হবে। শিকড় পর্যন্ত উৎপাটন করতে হবে। যদি মাদক বন্ধ করতে চান তা হলে জড়িতদের মধ্যে কে কার সন্তান, কে ছাত্র, কার পরিচয় কী- এসব দেখলে হবে না। মাদক নির্মূলে একটাই কথা- শুট অন সাইট (দেখামাত্র গুলি)।'

বিশ্বের বিভিন্ন দেশ মাদক নির্মূলে এমন করেছে জানিয়ে মন্ত্রী মোস্তাফিজুর বলেন, এটা করতে পারলে সব ঠিক হয়ে যাবে। গডফাদার, বাহক সবাই কেঁপে উঠবে। অবশ্য তা করতে হলে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত প্রয়োজন। তিনি বলেন, তা না হলে কাদের দিয়ে মাদক নির্মূল করবেন? যাদের দিয়ে নিয়ন্ত্রণ করবেন, রোগ তো সেখানেই।

অনুষ্ঠানে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইমদাদুল হকসহ ডিএনসির কর্মকর্তারা বক্তব্য দেন। এর আগে প্রধান অতিথি বেলুন ও পায়রা উড়িয়ে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.