Sylhet Today 24 PRINT

বৃহস্পতিবার থেকে স্কুল বন্ধের ঘোষণা নন-এমপিও শিক্ষকদের

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০১৮

বেতন-ভাতার সরকারি অংশের (এমপিওভুক্তি) দাবিতে আন্দোলন থাকা শিক্ষকরা আর কাউকে বিশ্বাস করতে চাইছেন না। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আশ্বাস না আসা পর্যন্ত তাঁরা তাঁদের আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

পাশাপাশি আজকের মধ্যে এ ব্যাপারে কোনো সমাধান সরকারের পক্ষ থেকে না এলে আগামীকাল থেকে স্কুল বন্ধ করে দেওয়ার ঘোষণাও দিয়েছেন তাঁরা। শিক্ষকদের সঙ্গে সংহতি জানিয়ে কাল থেকে রাজপথে থাকবেন বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারাও। বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম রনি তাদের এই ঘোষণার কথা নিশ্চিত করেছেন।

এদিকে, রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে চলমান আমরণ অনশনের চতুর্থ দিনে যোগ দিয়েছেন আরও শিক্ষক। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী বলেন, ‘আমাদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছেন আরও শিক্ষক। বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন। এর মধ্যে রাজশাহী ও ফরিদপুর জেলার শিক্ষকের সংখ্যা বেশি। তাদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত ৪৬ জনের কথা আমরা জানতে পেরেছি।’

বুধবার (৩ জানুয়ারি) টানা চতুর্থ দিনের মতো নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে শিক্ষকরা আমরণ অনশন পালন করছেন। এখন পর্যন্ত ৪৪ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।

মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জাতীয় প্রেসক্লাবের সামনে এসে নীতিমালা অনুসারেই নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার আশ্বাস দেন। তবে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা দেননি। এ কারণে আমরণ অনশনে থাকা শিক্ষক-কর্মচারীরা শিক্ষামন্ত্রীর এই আশ্বাস প্রত্যাখ্যান করে নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

উল্লেখ্য, এমপিওভুক্তির দাবিতে দেড় বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন নন-এমপিও শিক্ষকরা। আমরণ অনশন, অবস্থান ধর্মঘট, শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী বরাবর বিভিন্ন সময়ে তারা স্মারকলিপি দিয়েছেন এই একই দাবিতে। তা সত্ত্বেও ২০১৬-১৭ ও ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তি অথবা বাড়তি ভাতার ব্যবস্থা করতে কোনও বরাদ্দ রাখা হয়নি। তাই আবার রাজপথে নেমেছেন শিক্ষক-কর্মচারীরা। গত ২৬ ডিসেম্বর থেকে তারা অবস্থান নিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। এর মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানালেও সেই আহ্বান প্রত্যাখ্যান করে তারা আমরণ অনশন ধর্মঘট পালন করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.