Sylhet Today 24 PRINT

এসএসসি পরীক্ষার্থীদের আধঘন্টা আগে কেন্দ্রে যাওয়া বাধ্যতামূলক

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০১৮

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরুর আধঘণ্টা আগে কেন্দ্রে যাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই সময়ের মধ্যে না গেলে পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না।

বুধবার (৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাবলিক পরীক্ষা অনুষ্ঠানে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির এই সভায়  সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।

সভায় জানানো হয়, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় দীর্ঘমেয়াদী ব্যবস্থা হিসেবে প্রশ্নব্যাংক প্রস্তুত করার সিদ্ধান্তও নেওয়া হয়। পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র বহনের ক্ষেত্রে নিরাপত্তা টেপযুক্ত বিশেষ খামে পরিবহনের ব্যাপারে আলোচনা হয়। এছাড়া বহু সেট প্রশ্ন প্রস্তুত রাখা, নির্ধারিত সময়ের আগে প্রশ্ন না খোলা, পিন কোড ব্যবহার, অনলাইনে অথবা ইউএসবি ডিভাইসের মাধ্যমে পরীক্ষাকেন্দ্রে প্রশ্ন পাঠানো এবং পরীক্ষা শুরুর আগে থেকে কিছু সময়ের জন্য কেন্দ্র এলাকায় ইন্টারনেট বন্ধ রাখার ব্যাপারেও আলোচনা হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, পরীক্ষাকেন্দ্রে কেউই স্মার্ট ফোন ব্যবহার করতে পারবে না। শুধু কেন্দ্রসচিব একটি সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ, ড. মোল্লা জালাল উদ্দিন, জাবেদ আহমেদ ও মোহাম্মদ জয়নুল বারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব কাজী নাজির হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমান, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের আইটি ম্যানেজার মো. আরফে এলাহী মানিক এবং বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের ঊর্ধ্বতন বিশেষজ্ঞ রবিউল কবির চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.