Sylhet Today 24 PRINT

ঢাকেশ্বরী ও রামকৃষ্ণ মিশন পরিদর্শন দিয়ে দিন শুরু নরেন্দ্র মোদীর

নিউজ ডেস্ক |  ০৭ জুন, ২০১৫

বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দ্বিতীয় দিন রোববারের (০৭ জুন) কর্মসূচি শুরু করেছেন ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে। শনিবারের মতো রোববারের দিনটিও বেশ ব্যস্ততায় কাটবে তার।

এর মধ্য দিয়ে দু'দিনের সফরের দ্বিতীয় ও শেষ দিনের কর্মসূচি শুরু করেন তিনি।

রাতে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিকি সোনারগাঁওয়ে অবস্থান করা নরেন্দ্র মোদী রোববার সকাল পৌনে ৯টার দিকে ঢাকেশ্বরী মন্দিরে যান। এ সময় ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

সেখানে মোদী প্রার্থনা করেন। পরে মন্দিরের প্রধান সেবায়েত ও পরিচালক প্রদীপ চক্রবর্তী ভারতীয় প্রধানমন্ত্রীর হাতে একটি স্মারক তুলে দেন তিনি। পরে সেখানে নরেন্দ্র মোদীকে উত্তরীয় পরিয়ে দেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত। এছাড়া মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকেও ভারতীয় প্রধানমন্ত্রীকে একটি ক্রেস্ট উপহার দেওয়া হয়।

ঢকেশ্বরী মন্দির থেকে নরেন্দ্র মোদী যান রামকৃষ্ণ মঠ ও মিশনে। সেখানে তাকে স্বাগত জানান মিশন হেড কোয়ার্টারের (কলকাতা) প্রশাসনিক প্রধান স্বামী সুহিতানন্দ ও ঢাকা মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুভেশানন্দ। রামকৃষ্ণ মিশনেও ভারতীয় প্রধানমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এছাড়া মিশনের পক্ষ থেকে মোদীকে দুটি স্মারক উপহার দেওয়া হয়।

এরপর বেলা ১০টা ১০ মিনিটে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধনে যোগ দেন তিনি। সেখানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন শেষে রওয়ানা হন ১০টা ৩৫ মিনিটে।

বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে মোদীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বেলা ১২টা ৪০ মিনিটে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে বিশেষ মধ্যাহ্নভোজে যোগ দেবেন নরেন্দ্র মোদী।

দুপুরে খানিকটা বিশ্রামের পর বিকেল ৩টায় হোটেল সোনারগাঁওয়ের সুরমা হলে সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে মোদীর বৈঠক অনুষ্ঠিত হবে। তারপর একে একে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ব্যবসায়ী নেতৃবৃন্দ হোটেল সোনারগাঁওয়ে এসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রয়েছে নরেন্দ্র মোদীর বিশেষ বক্তৃতা। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টা ৫০ মিনিট পর্যন্ত এ কর্মসূচিতে অংশ নেওয়ার পরপরই তিনি নিজ দেশে ফেরার উদ্দেশে যাবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। 

সেখানে রাত ৮টা ১০ মিনিটে ভিভিআইপি টারমাকে তাকে বিদায় জানাতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত ৮টা ২০ মিনিটে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ প্লেনে করে ঢাকা ছাড়ার কথা রয়েছে নরেন্দ্র মোদীর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.