সিলেটটুডে ডেস্ক | ০৬ জানুয়ারী, ২০১৮
আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে জঙ্গিবাদ দমনে বিভিন্ন রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দিতে বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পাচ্ছেন বাংলাদেশ পুলিশের দুই কর্মকর্তা।
শনিবার (৬ জানুয়ারি) পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আইজিপি এ কে এম শহীদুল হক এতথ্য জানিয়েছেন।
এ বিষয়ে তিনি বলেন, আমাদের জঙ্গিবাদ দমনের প্রক্রিয়া ইন্টারপোলের এক সভায় প্রশংসিত হয়েছে। ইন্টারপোলের সেক্রেটারি আমার কাছে জঙ্গিবাদ দমনে দুজন কর্মকর্তা চেয়েছেন, যারা অন্যান্য রাষ্ট্রে জঙ্গিবাদ দমনের প্রশিক্ষণ দেবেন। দুজনের নাম আমরা অনুমোদনও করেছি।
তিনি আরও বলেন, আগে খণ্ডকালীন প্রশিক্ষণে গেলেও জঙ্গিবাদ দমনে বিশেষজ্ঞ হিসেবে ইন্টারপোলে বাংলাদেশ পুলিশের স্থায়ী নিয়োগের বিষয়টি এবারই প্রথম ঘটতে যাচ্ছে। তবে নিরাপত্তাজনিত কারণে ওই দুই পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করতে চাই না।
শহীদুল হক আরও বলেন, আমরা জঙ্গি ও মাদক নির্মূল করতে পারিনি। মাদক একটি বড় সমস্যা। মাদকের মধ্যে বড় সমস্যা হচ্ছে ইয়াবা। এসব নিয়ন্ত্রণ করতে হলে শুধু পুলিশ বা আইন দিয়ে কিছু হবে না। এগুলোর জন্য সামাজিক, পারিবারিক জনমত গড়ে তুলতে হবে।