Sylhet Today 24 PRINT

ঢাকায় শুধু ছুটির দিনে সভা-সমাবেশ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০১৮

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ঢাকা মহানগরীর যান চলাচল ব্যাহত হয় এমন কোনো কার্যক্রম তা সে রাজনৈতিক বা সরকারিই হোক না কেন তা কর্মদিবসে করা যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে রোববার অনুষ্টিত ডিটিসিএর পরিচালনা পরিষদের ১০ম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা মহানগরীর মূল সমস্যা যানজট উল্লেখ করে বৈঠকে জানানো হয়, আগামী এক বছর ঢাকায় রাজনৈতিক কর্মসূচির পরিমাণ বাড়বে। আর এ কারণে জনদুর্ভোগ যেন সহনীয় মাত্রায় থাকে সেজন্য সপ্তাহের কর্মদিবসে যান চলাচল ব্যাহত করে এমন কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। রাজধানীর যানজট নিরসনে ডিটিসিএর নেওয়া প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও আলোচনা হয় সভায়।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ‘সরকারি-বেসরকারি, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন—কোনো প্রকার সভা-সমাবেশ রাস্তা বন্ধ করে করা যাবে না—এক। দুই হচ্ছে, যানজট যাতে কমানো যায় সেই লক্ষ্যে সভা-সমাবেশ-র‍্যালি এগুলো শুক্র-শনিবারে করতে হবে। তো এই সিদ্ধান্তটা কি আমরা নিতে পারি না? সবাই কি একমত হতে পারি না আমরা, এ ব্যাপারে? কারো আপত্তি আছে? তাইলে ঠিক আছে আমরা এটাই সিদ্ধান্ত নিলাম। আজকের মূল সিদ্ধান্ত এটা।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.