Sylhet Today 24 PRINT

জনগণের সম্মান ও ভালোবাসা পাওয়া বড় অর্জন : সংসদে প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০১৮

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, কোনো রাজনীতিকের জন্য তাঁর কাজের মাধ্যমে নিজের স্থান করে নেওয়া এবং জনগণের সম্মান ও ভালোবাসা পাওয়া জীবনের সবচেয়ে বড় অর্জন। মানুষ মরণশীল এবং প্রত্যেককেই মরতে হবে। কাজের মাধ্যমে বেঁচে থাকেন। জনগণের ভালোবাসা ও সম্মান পাওয়া একজন রাজনীতিকের জন্য সবচেয়ে বড় অর্জন।

রোববার জাতীয় সংসদে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রয়াত মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এবং সংসদ সদস্য গোলাম মোস্তফা, চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকসহ সবার প্রতি গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতি গঠনে তাঁদের অবদান স্মরণ করেন।

তিনি বলেন, কাজের মাধ্যমে জনগণের ভালোবাসা কি করে অর্জন করতে হয়, তা প্রয়াত এসব নেতা প্রমাণ করে গেছেন। তাঁরা তৃণমূল পর্যায়ে কাজ করে মানুষের ভালোবাসা, সম্মান ও মর্যাদা অর্জন করে বারবার জনগণের ভোটে জয়ী হয়েছেন।

সংসদ নেতা বলেন, মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের অক্লান্ত পরিশ্রমের কারণে মৎস্য উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে। প্রাণিসম্পদে আমরা আজ সমৃদ্ধি অর্জন করেছি। মন্ত্রী ছায়েদুল হক আমাদের বিশাল সমুদ্র সম্পদ এলাকায় মৎস্য আহরণে অনেক পরিকল্পনা এবং কাজ করতে শুরু করেছিলেন। তিনি দেশের উন্নয়নে সততা ও একাগ্রতার সঙ্গে যে অবদান রেখে গেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্য গোলাম মোস্তফার কর্ম ও জীবন সম্পর্কে বলেন, তিনি মানুষের কল্যাণে কাজ করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন। তিনি চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, ঢাকা উত্তর সিটি করপোরেরেশনের মেয়র আনিসুল হকের বিভিন্ন অবদানের কথা স্মরণ করে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.