Sylhet Today 24 PRINT

এসএসসি পরীক্ষার সময় বন্ধ থাকবে দেশের সব কোচিং সেন্টার

সিলেটটুডে ডেস্ক  |  ০৮ জানুয়ারী, ২০১৮

আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শুরুর তিনদিন আগে থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত আয়োজনে জাতীয় মনিটরিং কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আফরাজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় পরীক্ষা শুরুর আগে থেকে পরীক্ষা চলাকালীন দেশে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখার ব্যাপারেও আলোচনা হয়।

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে করার জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো বন্ধ, ফেসবুকে প্রশ্ন সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং কিছু সিদ্ধান্তও নেয়া হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করে স্ব স্ব আসনে বসতে হবে। এক্ষেত্রে কোনো ধরণের অজুহাত গ্রহণযোগ্য হবে না এবং এর অন্যথায় শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।

এছাড়া কোনো পরীক্ষার্থীর হাতে কোনো মোবাইল ফোন পাওয়া গেলে তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হবে। পরীক্ষা কেন্দ্রে কেউ স্মার্ট ফোন ব্যবহার করতে পারবে না। শুধু কেন্দ্র সচিব একটি সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন বলেও সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, বিজি প্রেসের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.