Sylhet Today 24 PRINT

আমি রাস্তায় নামতে বাধ্য হব : আইভী

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জানুয়ারী, ২০১৮

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী সংসদ সদস্য (এমপি) শামীম ওসমানকে উদ্দেশ করে বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করেন, আপনাকে সহযোগিতা করব। জায়গা-জমি নিয়ে যদি উল্টাপাল্টা কথা বলেন, তাহলে আমি রাস্তায় নামতে বাধ্য হব। ২০১৩ সালে যেমন আমি ত্বকী হত্যা নিয়ে রাস্তায় নেমেছি, ঠিক তদ্রুপ আমি আবারও রাস্তায় নামব।’

মঙ্গলবার সিটি করপোরেশনের দায়িত্ব নেওয়ার এক বছর পূর্তি উপলক্ষে নগরীর দেওভোগ এলাকায় জিমখানা উন্মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।   

শামীম ওসমানের উদ্দেশে মেয়র আইভী আরো বলেন, ‘২৫ কোটি টাকা খরচ করে যে নিজের সন্তানের বিয়ে দিতে পারে সে দুই-চারটা হকার্স মার্কেটও করে দিতে পারে। রাজউকের জায়গা বিক্রি না করে সেখানে হকার্স মার্কেট করে দিন।’

তিনি বলেন, ‘আমরা হকারমুক্ত ফুটপাত চাই, আমরা চাই পাঁচ লাখ মানুষ এই শহরে হাঁটাহাঁটি করুক। আমরা চার হাজার হকারের কাছে জিম্মি হতে চাই না। আমাদের জরিপ মতে ৬০০ হকার নারায়ণগঞ্জে।’ তিনি আরো বলেন, ‘মাননীয় এমপি শামীম ওসমানের বক্তব্য অনুযায়ী ১০ হাজার। আমি জানি না উনি ১০ হাজার হকার কোত্থেকে পেয়েছেন। উনি বলেছেন আমি হকারের পেটে লাথি মেরেছি। বাংলাদেশে প্রথম আমি হকার্স মার্কেট করে দেই ১/১১ তে। সেই হকাররা দোকান বিক্রি করে রাস্তায় চলে এসেছে। যেই হকাররা ছয় লাখ, সাত লাখ টাকায় দোকান বিক্রি করে রাস্তায় চলে আসে আমরা সেই হকারদের পুনর্বাসন করতে চাই না। আমার ফুটপাত দিয়ে আমার মানুষ হাঁটবে সেটাই আমি চাই।’

মেয়র আইভী আরো বলেন, ‘আমরা এই জায়গা বিক্রি করতে দিব না। যদি বিক্রি করতে আসেন, তাহলে আমি আপনাকে (শামীম ওসমান) হুঁশিয়ারি দিয়ে বলছি জায়গা তো বিক্রি করতে পারবেনই না, এই শহরের মানুষ যেই সিদ্ধান্ত নিবে আমি তাঁদের পাশে থেকে সেই সিদ্ধান্ত নিব। অনুরোধ করব, উল্টাপাল্টা কাজ না করে সামনে নির্বাচন; নির্বাচনের জন্য কাজ করেন।’

মেয়র বলেন, ‘আমার মাত্র শতকরা ৩২ ভাগ ট্যাক্সের হার। আমি এই ৩২ থেকে আগামী ১ বছরের মধ্যে ৯০ ভাগে যেতে চাই। আগামী ফেব্রুয়ারি থেকে কিন্তু ঘরে ঘরে আমাকে যেতে হবে। তখন কিন্তু চাচা কন, ভাই কন, মামা কন, আমি কিন্তু আপনাদের ঐখান থেকে আসব না। সকালে যাব, নাস্তা খাব, দুপুরে ভাত খাব, তারপর চেকসহ কিন্তু আমি বের হয়ে আসব।’

২০১৬ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হন সেলিনা হায়াৎ আইভী। ২০১৭ সালের ৯ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.