Sylhet Today 24 PRINT

মাওলানা সাদ ইজতেমায় যাচ্ছেন না : ডিএমপি

সিলেটটুডে ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০১৮

তাবলীগের অন্যতম মুরব্বি দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি বিশ্ব ইজতেমায় যাবেন না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, সাদ সাহেব ইজতেমা ময়দানে যাচ্ছেন না। আপাতত মাওলানা সাদ কাকরাইল মসজিদেই থাকছেন।

কাকরাইল মসজিদ ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন সম্পর্কে কৃষ্ণ পদ রায় বলেন, এই এলাকায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা জনদুর্ভোগ সৃষ্টি না হয় সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, ‘আপত্তিকর’ বক্তব্যের প্রতিবাদে গতকাল বুধবার সকাল থেকেই তাবলীগ-জামাতের একটি অংশের অনুসারীরা রাজধানীতে মাওলানা সাদ বিরোধী বিক্ষোভ করেছেন। সাদকে বাংলাদেশে ঢুকতে না দেয়ার ঘোষণা দিয়ে হযরত শাহজালাল বিমানবন্দর সড়কে তারা অবস্থান নেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের।

পরে কঠোর নিরাপত্তায় সেনানিবাসের ভেতর দিয়ে বিকেলে মাওলানা সাদকে কাকরাইল মসজিদের তাবলীগ জামাতের মারকাজে (অফিস) নেয়া হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।

অন্যদিকে মাওলানা সাদকে ইজতেমায় যেতে বাধা দিতে তাবলীগ নেতারা কাকরাইল মসজিদ ঘেরাওয়ের ঘোষণা দেন। এরপর থেকেই কাকরাইল মসজিদ এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। পুরো এলাকা পুলিশ, র‍্যাব ও মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের সদস্যরা ঘিরে রেখেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.