Sylhet Today 24 PRINT

তৃতীয় দিনের মতো আমরণ অনশনে মাদরাসা শিক্ষকরা

সিলেটটুডে ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০১৮

মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে তৃতীয় দিনের মতো আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। কন কনে শীতে টানা আট দিন অবস্থান ধর্মঘটের পর গত মঙ্গলবার সকাল ১১টা থেকে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষকরা। তাদের এই ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এদিকে সকল ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে গত ১ জানুয়ারি থেকে টানা ৮ দিন জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করার পরে সরকারী পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় ৯ জানুয়ারি (মঙ্গলবার) থেকে আমরণ অনশনে যান তারা।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মখলেছুর রহমান গণমাধ্যমকে জানান, তৃতীয় দিনের মতো আজ আমরা অনশন চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত প্রায় ৫০ জনের মতো শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আরো অনেকেই অসুস্থ। তবে আমাদের এই ন্যায্য দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের এই অনশন কর্মসূচি চলবে।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত আমরা সরকারের কোনো পক্ষের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস পাইনি। মাননীয় প্রধানমন্ত্রী আপনি কাউকে পাঠিয়ে আমাদের খোঁজ নিয়ে দেখেন, আমরা কী কষ্টে আছি।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন বলেন, আমরা শিক্ষামন্ত্রীর কোনো কথায় আর আশ্বস্ত না। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘোষণা শুনতে চাই। অন্যথায় আমরা অনশন চালিয়ে যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.