Sylhet Today 24 PRINT

ফোরজি নিয়ে বিটিআরসির বিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০১৮

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দেওয়া ফোরজি মোবাইল ফোন সেবার লাইসেন্স এবং তরঙ্গ নিলামের জন্য আবেদন আহ্বানের বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।

গত বছরের ৪ ডিসেম্বর বিটিআরসি ফোরজি এলটিই সেলুলার মোবাইল ফোন সার্ভিসের লাইসেন্সের জন্য প্রস্তাব আহ্বান করে বিজ্ঞপ্তি দেয়।

বিজ্ঞপ্তিতে ১৪ জানুয়ারি প্রস্তাব জমা দেওয়ার দিন ধার্য ছিল। বিটিআরসির ওই বিজ্ঞপ্তি ২০০৮ সালের ব্রডব্যান্ড গাইডলাইন্সের সঙ্গে সাংঘর্ষিক- এমন যুক্তি দিয়ে বাংলালায়ন কমিউনিকেশন্স লিমিটেডের পক্ষে আদালতে বুধবার (১০ জানুয়ারি) হাইকোর্টে রিট করা হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. কামাল হোসেন সঙ্গে ছিলেন আইনজীবী রমজান আলী শিকদার ও সাইফুল আলম চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.