সিলেটটুডে ডেস্ক | ১২ জানুয়ারী, ২০১৮
রাজধানীর পশ্চিম নাখালপাড়ার রুবি ভিলায় সন্দেহভাজন জঙ্গিদের একটি আস্তানা ঘিরে অভিযানে গোলাগুলিতে তিন ‘জঙ্গি’ নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব।
ছয়তলা বাড়িটির পঞ্চম তলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা থেকে অভিযান চালাচ্ছে র্যাব।
শুক্রবার সকাল ৭টার দিকে র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল (বম্ব ডিসপোজাল ইউনিট) ঘটনাস্থলে কাজ শুরু করেছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান ‘জঙ্গি আস্তানায়’ তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পশ্চিম নাখালপাড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১০০ গজের মতো দূরে ‘রুবি ভিলার’ অবস্থান। সাংসদদের সরকারি বাসভবন বা ন্যাম ভবনের কাছেই এটি অবস্থিত। ছয়তলা বাসার পঞ্চম তলায় মেস বাসা ছিল।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সকালে ঘটনাস্থলের কাছে সাংবাদিকদের ব্রিফকালে বলেন, “আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, যে এরকম জায়গায় জঙ্গিরা অবস্থান করছে, কোনো নাশকতার পরিকল্পনা করছে। এর ভিত্তিতে ছয় তলা ভবনটির পঞ্চম তলায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে জঙ্গিদের সঙ্গে কিছু গোলাগুলি হয়, কিছু গ্রেনেডও নিক্ষেপ হয়।”
মুফতি মাহমুদ বলেন, “ভেতরে হতাহতের ঘটনা ঘটেছে, আমরা দেখেছি। নিহত হয়েছে কয়েকজন। কিন্তু যেহেতু কয়েকটা আইডির মত পড়ে আছে, সেহেতু বিশেষায়িত দল আসার আগে সেখানে ঢোকা নিরাপদ হবে না।”
ওই ভবনের অন্যান্য ফ্লোরের বাসিন্দাদের নিরাপত্তার দিকে র্যাব সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।