Sylhet Today 24 PRINT

কুমিল্লায় ট্রাক-ট্রেন সংঘর্ষ, চট্টগ্রামের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০১৮

কুমিল্লায় একটি ডেমু ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই ডেমু ট্রেনের একটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।

ঢাকা-চট্টগ্রাম রেলপথের জেলার আদর্শ সদর উপজেলার বানাশুয়া এলাকায় শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ঘটনার ফলে বিভিন্ন ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানান, আখাউড়া থেকে যাত্রীবাহী একটি ডেমু ট্রেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার বানাশুয়া রেলক্রসিং এলাকায় পৌঁছার পর একটি ট্রাক দ্রুতগতিতে রেলক্রসিং অতিক্রম করে যাওয়ার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে রেলওয়ে কুমিল্লার সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, লাকসাম জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা করেছে। ঘণ্টা দুয়েকের মধ্যেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে। এ দিকে ওই দুর্ঘটনার ফলে ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলওয়ে স্টেশনে এবং ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি জেলার সদর দক্ষিণ উপজেলার ময়নামতি রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.