সিলেটটুডে ডেস্ক | ১৩ জানুয়ারী, ২০১৮
এবার বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান প্রথম বারের মত বাংলায় প্রদান করা হবে। তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপের শেষ দিন হলো আগামীকাল ১৪ জানুয়ারি (রোববার)। গতরাতে (শুক্রবার) তাবলিগ শীর্ষ জামাতের মুরব্বীদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
টঙ্গীর তাবলিগের মুরব্বী গিয়াসউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, এবার বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের কাকরাইল মসজিদের মাওলানা হাফেজ মোহাম্মদ জোবায়ের। আখেরি মোনাজাতের আগে হেদায়তি বয়ানও বাংলায় করবেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।
আগামীকাল রোববার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে ইজিতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত শুরু হবে। এবারের বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের আগে হেদায়েতি বয়ান পেশ করবেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। আর আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের কাকরাইল মারকাজের মুরব্বী মাওলানা হাফেজ মোহাম্মদ জোবায়ের।