Sylhet Today 24 PRINT

ডিএনসিসি মেয়র নির্বাচন: ইসি থেকে মনোনয়নপত্র নিলেন যারা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০১৮

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, চিকিৎসক ও ব্যবসায়ী ডা. এইচ বি এম ইকবাল ও বিএনপির সহ-প্রচারণা সম্পাদক শাকিল ওয়াহেদসহ সাতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগারগাঁওস্থ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।

ডিএনসিসি’র সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, চিকিৎসক ও ব্যবসায়ী ডা. এইচ বি এম ইকবাল, বিএনপির সহ-প্রচারণা সম্পাদক শাকিল ওয়াহেদ, স্বতন্ত্র প্রার্থী নেতা সেলিম উদ্দিন (স্বতন্ত্র প্রার্থী) (জামায়াতে নেতা), ইসলামী আন্দোলনের শেখ মোহাম্মদ ফজলে বারী মাসুম, এনপিপি’র মাসুম বিল্লাহ, স্বাধীন আখতার আইরিন (স্বতন্ত্র), নিবন্ধনহীন বাংলাদেশ ডিজিটাল আওয়ামী লীগের পরিচয়ে রবিন কুমার পাল- এই সাতজন রোববার মেয়র পদে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তিনি জানান, ৯ জানুয়ারি তফসিল ঘোষণার পর থেকে আগ্রহীরা মনোনয়নপত্র নিচ্ছেন। এর আগে গত বৃহস্পতিবার নিবন্ধনহীন নতুন দল এনডিএমের হয়ে কণ্ঠশিল্পী মো. শাফিন আহমেদ মনোনয়ন নিয়েছিলেন বলেও জানান তিনি।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ১৮ জানুয়ারি, যাচাই-বাছাই ২১ ও ২২ জানুয়ারি প্রত্যাহার ২৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ৩০ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ২৬ ফেব্রুয়ারি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.