Sylhet Today 24 PRINT

১০ হাজার কনস্টেবল নিয়োগ স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০১৮

পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ স্থগিত করা হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) পুলিশ সদর দফতর থেকে এক জরুরি বার্তায় ৬৪ জেলার পুলিশ সুপারকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনিবার্য কারণে এ নিয়োগ স্থগিত করা হলো।

পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশে কনস্টেবল (ট্রেইনি রিক্রুট কনস্টেবল-টিআরসি) পদে সাড়ে আট হাজার পুরুষ ও দেড় হাজার নারী সদস্য নিয়োগে গত ২১ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

একটি সূত্র জানায়, এ বছরের পুলিশ সপ্তাহে এই ১০ হাজার কনস্টেবল নিয়োগ কেন্দ্রীয়ভাবে সম্পন্ন করা যায় কিনা তা নিয়ে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়। দীর্ঘদিন ধরেই কনস্টেবল নিয়োগ পুলিশ সুপারদের মাধ্যমে হয়ে আসছে।

পুলিশ সদর দফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কনস্টেবল পদে নিয়োগ কার মাধ্যমে সম্পন্ন হবে তা নিয়ে আলোচনা চলছে। এটি চূড়ান্ত হলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.