Sylhet Today 24 PRINT

অধিভুক্তি বাতিলের দাবিতে ক্লাস বর্জন, অবস্থান কর্মসূচি

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিল দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়টির ছাত্র-ছাত্রীরা। সোমবার (১৫ জানুয়ারি) সকাল আটটার দিকে ক্লাস বর্জন করে পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী অপরাজেয় বাংলার পাদদেশে অবস্থান নেন।

এই দাবিতে রোববার (১৪ জানুয়ারি) তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছিলো। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান আন্দোলনরতদের সাত কলেজের সকল কার্যক্রম তাদের নিজস্ব ক্যাম্পাসে হবে বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু শিক্ষার্থীরা সেটা প্রত্যাখ্যান করে। শিক্ষার্থীদের দাবি সাত কলেজ আগে যেমন ছিলো তেমনভাবে ফিরে যেতে হবে।

ক্লাস বর্জনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, তাদের আমি বলেছি যে সাত কলেজের সকল কার্যক্রম তাদের স্ব-স্ব কলেজে অনুষ্ঠিত হবে। এখন যদি তারা সেটা না বুঝে তাহলে কি করা?

শিক্ষার্থীরা বিক্ষোভে নানা ধরনের প্ল্যাকার্ড বহন করেন যাতে লেখা ছিলো- বাতিল হোক অধিভুক্ত, ঢাবি হোক বহিরাগতমুক্ত; দাবি মোদের একটাই, ঢাবির কোন শাখা নাই; এক দফা এক দাবি,অধিভুক্ত মুক্ত ঢাবি; রাখতে ঢাবির সম্মান, সাত কলেজ বেমানান ইত্যাদি।আন্দোলন অব্যাহত রাখা যাবে না বলে ধারণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.