Sylhet Today 24 PRINT

ভোলায় আরও এক গ্যাসক্ষেত্রের সন্ধান

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০১৮

দেশে আরও একটি গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। জেলার ভেদরিয়ায় নতুন এই গ্যাসক্ষেত্রের সন্ধান দিয়েছে রাষ্ট্রীয় তেল-গ্যাস উত্তোলন সংস্থা বাপেক্স। এটি বাংলাদেশের ২৭তম গ্যাসক্ষেত্র।

সোমবার (১৫ জানুয়ারি) মন্ত্রিসভা বৈঠকের শুরুতে এ তথ্য জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী জানান, বিশাল এই গ্যাসক্ষেত্রে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এভাবে গ্যাস অনুসন্ধান অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশে আরও ক্ষেত্র পাওয়ার আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৯ ডিসেম্বর ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মাঝির হাটে ভোলা নর্থ-১ নামে গ্যাস অনুসন্ধান কূপের খননকাজ শুরু করে বাপেক্স। এতে সহযোগিতা করছে রাশিয়ার গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল ও মার্কিন কোম্পানি হ্যালিবারটন।

এর আগে ভোলার শাহবাজপুরে একটি গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। এতে ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরইমধ্যে সেখান থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.