Sylhet Today 24 PRINT

৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরি বৈঠক মঙ্গলবার

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০১৮

রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংকে এ বৈঠক অনুষ্ঠিত হবে জানা গেছে। এতে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির।

রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের দায়িত্বে থাকা ব্যাংকার্স সিলেকশন কমিটি এবং ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীদের উপস্থিত থাকতে বলা হয়েছে এতে। ব্যাংকার্স সিলেকশন কমিটির প্রধান এবং বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন খান বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের ব্যাপারে আন্দোলনের পরিপ্রেক্ষিতে জরুরি কিছু সিদ্ধান্ত নেয়ার জন্য সভা ডাকা হয়েছে। সভায় এ ব্যাপারে ইতিবাচক কিছু সিদ্ধান্ত নেয়া হবে।

রাষ্ট্রমালিকানাধীন আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গত রোববার প্রার্থীরা বিক্ষোভ করেন। তারা নয় দফা দাবি জানিয়েছেন। এসব দাবি মানা না হলে তারা আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

গতবছর সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে নিয়োগ পরীক্ষাসহ পরবর্তী কার্যক্রম পরিচালনা না করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন।

এদিকে গত বৃহস্পতিবার চেম্বার বিচারপতি সে আদেশ স্থগিত করেন। এই আদেশের ফলে ওই তিন ব্যাংকসহ আট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা হয়। জ্যেষ্ঠ কর্মকর্তার (সাধারণ) ১ হাজার ৬৬৩টি শূন্য পদে ২ লাখ ১৩ হাজার ৫২৫ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। শুক্রবার আট ব্যাংকের নিয়োগ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র থেকে নানা অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.