Sylhet Today 24 PRINT

ভ্রাম্যমাণ আদালত : রাষ্ট্রপক্ষের আপিলের বিষয়ে শুনানি ১৩ ফেব্রুয়ারি

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জানুয়ারী, ২০১৮

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে  রাষ্ট্রপক্ষের করা তিনটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) গ্রহণ করেছেন আপিল বিভাগ। আগামী ১৩ ফেব্রুয়ারি এসব আপিলের ওপর শুনানির জন্য দিনও ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী হাসান এম এস আজীম।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু ও আইনজীবী হাসান এম এস আজীম বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকার পক্ষের তিনটি লিভ আজ মঞ্জুর করে আপিল শুনানির জন্য ১৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এ সব আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে বলে আদেশ দেন আপিল বিভাগ। এর ফলে এ বিষয়ে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত চলবে। এ ছাড়া তিন সপ্তাহের মধ্যে আপিলের সার-সংক্ষেপ জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ১১ জুন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সংক্রান্ত ২০০৯ সালের আইনের ১৪টি ধারা ও উপধারা অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে এই আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণাও করা হয়।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.