Sylhet Today 24 PRINT

ডিএনসিসির উপ-নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০১৮

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়রের শূন্য পদে উপ-নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার (১৭ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

 

একই সঙ্গে এ উপনির্বাচনের তফসিল কেন বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুলও জারি করা হয়েছে।

রাজধানীর সদ্যবিলুপ্ত ভাটারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম গতকাল মঙ্গলবার সকালে এই রিট করেছিলেন। রিটে নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

 

রিটে উল্লেখ করা হয়, সিটি করপোরেশন আইন অনুসারে ৭৫ শতাংশ কাউন্সিলর নির্বাচনের মাধ্যমে ফল সরকারি গেজেটে প্রকাশিত হবে। এর ভিত্তিতে মেয়র পদ গঠিত হবে। অথচ গত বছরের জুলাইতে উত্তর সিটি করপোরেশনে ১৮টি ওয়ার্ড সম্প্রসারিত করা হয়। এ অবস্থায় ৭৫ শতাংশ ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন হচ্ছে না।

 

নতুন পুনর্গঠিত ওয়ার্ডের ভোটার তালিকা এখনো প্রকাশ করা হয়নি। এ পরিস্থিতিতে নির্বাচন স্থগিত চেয়ে রিটটি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.