Sylhet Today 24 PRINT

উত্তরা মেডিকেলের ৫৭ শিক্ষার্থীর কার্যক্রম চলবে, বঞ্চিতকে ভর্তির নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০১৮

রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে সাধারণ কোটায় ভর্তিকৃত ৫৭ শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও ভর্তি থেকে বঞ্চিত শিক্ষার্থী তারিকুল ইসলামকে সাত দিনের মধ্যে ভর্তি করানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে হাইকোর্টের আদেশ নিষ্পত্তি করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মেডিকেল কলেজের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। রিটের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দীন।

এর আগে গত ৯ জানুয়ারি রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে সাধারণ কোটায় ভর্তিকৃত ৫৭ শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রমে ৩০ দিনের নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।

একইসঙ্গে ওই কলেজে ‘আগে আসলে আগে ভর্তির সুযোগ’ এই পদ্ধতিতে ভর্তির প্রক্রিয়া কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এর আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু জানান, রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজে গত ১৪ ডিসেম্বর ২০১৭-১৮ শিক্ষা বর্ষে মেধা স্কোর অনুযায়ী ছাত্র ভর্তি না করে ‘আগে আসলে আগে ভর্তির সুযোগ’ ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ ডিসেম্বর বেলা ১১ টার মধ্যে ‘আগে আসলে আগে ভর্তির সুযোগ’ পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ওইদিন বেলা ১১টার পর তারিকুল ইসলাম নামে এক শিক্ষার্থী যার মেধা স্কোর ২৫৭, সে কলেজে গিয়ে জানতে পারে ইতিমধ্যে ৫৭ শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। ভর্তির সর্বনিম্ন স্কোর ছিল ২৫০.৪৫। তারিকুলের দাবি মেধা স্কোর অনুযায়ী ভর্তি করলে সে ভর্তির সুযোগ পেত।

পরে গত ২ জানুয়ারি তারিকুলের বাবা নজরুল ইসলাম আধুনিক মেডিকেল কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পদ্ধতি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.