রিয়াজ রহমান গুলিবিদ্ধ, খালেদার উদ্বেগ
নিউজ ডেস্ক | ১৩ জানুয়ারী, ২০১৫
এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদের গাড়িতে আগুন দেওয়া হয়েছিল। এবার আগুনে পুড়ল সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রি ও চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের গাড়িও, গুলিবিদ্ধ হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে গুলিবিদ্ধ হন রিয়াজ। তাঁর কোমর ও উরুতে দু’টি করে মোট চারটি গুলিবিদ্ধ হয়েছে জানিয়েছেন বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
গুলিবিদ্ধ রিয়াজ রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে তাঁর পা'য়ে গুলি লেগেছে এবং তিনি আশঙ্কামুক্ত জানিয়েছেন ডাক্তারেরা।
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে রিয়াজ রহমান রাত ৮টায় পুলিশঘেরা বিএনপি চেয়াপারসনের কার্যালয়ে ঢোকেন। সাড়ে ৮টার পরপরই তিনি বেরিয়ে আসেন।
এর কিছুক্ষণের মধ্যে তার গাড়িতে অগ্নিসংযোগ এবং গুলি ছোড়ার খবর আসে। অবরোধের অষ্টম দিনে রিয়াজ রহমানের গাড়িতে আগুন দেওয়ার আগে বনানীতে একটি বাসেও আগুন দেওয়া হয়। মতিঝিলে অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
সাবেক কূটনীতিক রিয়াজ রহমানের আগে অবরোধের মধ্যে বিএনপি চেয়ারপারসনের আরও একজন উপদেষ্টার গাড়িতে আগুন দেওয়া হয়। তিনি হলেন সাবিহউদ্দিন আহমেদ, তিনিও অবসরপ্রাপ্ত কূটনীতিক।
এদিকে রিয়াজ রহমানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও বিশ দলীয় জোটনেত্রি বেগম খালেদা জিয়া। প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক বিবৃতিতে খালেদা জিয়া এ তাঁর উদ্বেগের কথা জানান।
রিয়াজ রহমানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে খালেদা জিয়া বলেন, আমার সঙ্গে দেখা করে ফিরে যাওয়ার পথে পুলিশ বেষ্টনীর অদূরে তার ওপর কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা চালানো হয়। বিরোধী দলের ওপর এমন নগ্ন হামলা চালিয়ে শেষ রক্ষা হবে না।
তিনি বলেন, সরকারের উচ্চ মহল থেকে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পর রিয়াজ রহমান এমন হামলার শিকার হলেন। অনতিবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের ধরে আইনামলে এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
এদিকে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপি নেতাদের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। তাদের ধারণা অনুযায়ি নাশকতাকারিরা ভাড়াটে সন্ত্রাসি, ফলে কে কোন দলের নেতা সে বিষয়টিও তাদের কাছে অজ্ঞাত।
উল্লেখ্য, কয়েকদিন আগে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের সাথে এক সন্ত্রাসির কথোপকথনের রেকর্ড ফাঁস করে দেয় এক টিভি চ্যানেল যেখানে গয়েশ্বর খোঁজখবর নিচ্ছিলেন নাশকতার অগ্রগতির।
উদ্ভূত পরিস্থিতিতে দেশে আদৌ কী কোন ধরণের রাজনৈতিক কর্মকাণ্ড চলছে, নাকি ভাড়াটে সন্ত্রাসিদের মাধ্যমে নাশকতার অব্যাহত চেষ্টা চলছে এ নিয়ে বিভ্রান্ত জনগণও।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.