সিলেটটুডে ডেস্ক | ১৯ জানুয়ারী, ২০১৮
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন এই মেয়রের পুরনো কথা মনে করতে সমস্যা হচ্ছে। শনিবার (২০ ডিসেম্বর) আরেক দফা সিটি স্ক্যানের পর তার চিকিৎসার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আইভীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও ল্যাব এইড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তী শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় হাসপাতাল চত্বরে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। আইভীর সর্বশেষ শারীরিক অবস্থা বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তী বলেন, হাসপাতালে ভর্তির পরপরই আইভীর মাথায় সিটি স্ক্যান করা হয়েছিল। সেখানে দেখা গেছে, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এ ধরনের রোগীদের প্রথম আঘাতের তিন-চারদিন পর আবারও মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে শনিবার আরেক দফা তার সিটি স্ক্যান করা হবে। আগের রিপোর্টের সঙ্গে পরবর্তী সিটি স্ক্যানের রিপোর্ট মিলিয়ে দেখে চিকিৎসার পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, আইভী স্বাভাবিক খাবার খাচ্ছেন। অন্য কোনো শারীরিক জটিলতাও তার নেই। তবে তার পায়ের একটি অংশে আঘাতের চিহ্ন ও ফোলা আছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মেয়র সেলিনা হায়াৎ আইভী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি কথা বলতে পারছিলেন না। পরে বমি করা শুরু করেন। শরীরে স্যালাইন পুশ করার পর তার রক্তচাপও কমে যায়। স্থানীয় চিকিৎসকদের পরামর্শে ওইদিন রাতেই তাকে এম্বুলেন্সে করে ঢাকায় এনে ল্যাব এইড হাসপাতালের সিসিইউ-১ এ ভর্তি করা হয়। অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তীর নেতৃত্বে ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
এর আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জে সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের সমর্থকদের সঙ্গে নিজ সমর্থকদের সংঘর্ষে পড়ে গিয়ে আহত হন সেলিনা হায়াৎ আইভী। এ সময় তার সমর্থকরা মানবপ্রাচীর তৈরি করে আইভীকে রক্ষা করেন। সেদিন আইভী পায়ে ব্যথা পেলেও দুই দিন পর অসুস্থ হওয়ার সঙ্গে এর সম্পর্ক ছিল না বলে জানিয়েছেন চিকিৎসকরা।