সিলেটটুডে ডেস্ক | ২০ জানুয়ারী, ২০১৮
আদালতের রায় পেলেই বাংলাদেশ জামায়াতে ইসলামের নিষিদ্ধের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।
শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের মির্জাপুর উপজেলায় ভাওয়াল মির্জাপুর ডিগ্রি কলেজে এক জনসভায় এ কথা বলেন মন্ত্রী।
আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ নবায়ন ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ওই জনসভার আয়োজন করা হয়।
মোজাম্মেল হক বলেন, ‘জামায়াত নিষিদ্ধের বিষয়টি নিয়ে আমাদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে, আবার কেউ আদালতের মাধ্যমে জামায়াত নিষিদ্ধ চাইছেন। বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই এখন নিষিদ্ধ করা হলে দেশ-বিদেশে সমালোচনা হবে। আদালত যত দ্রুত এ বিষয়ে রায় দেবে, আমরা তত দ্রুত ব্যবস্থা নেব।’
শুক্রবারের জনসভায় সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন দুলালের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান প্রমুখ।