Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় জরুরি সহায়তা দরকার: বিশ্বব্যাংক

সিলেটটুডে ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০১৮

রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে এবং মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে উদ্ভূত সঙ্কট মোকাবেলায় জরুরি সহায়তার দরকার বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

শনিবার ঢাকায় বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন কক্সবাজারে রোহিঙ্গা শিবিরগুলো পরিদর্শন শেষে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গার আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার এবং জনগণের প্রশংসা করেছেন। তিনি বলেন, বিশ্বব্যাংক কক্সবাজারে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের আশ্রয়দাতা এবং রোহিঙ্গা উদ্বাস্তুদের সহায়তায় বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।

ডিক্সন বলেন, অনুপ্রবেশকারী রোহিঙ্গার সংখ্যা অনেক। কক্সবাজারের পার্বত্য এলাকায় যতদূর চোখ যায়, ততদূর পর্যন্ত লাইনের পর লাইন শুধু প্লাস্টিক শিট এবং বাঁশের তৈরি ছোট ছোট ঘর চোখে পড়ে। এতে অবকাঠামো এবং পানিসম্পদ ও পরিবেশের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। এর ফলে নানা ধরনের রোগব্যাধি এবং প্রাকৃতিক দুর্যোগের মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বাংলাদেশকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিক্সন রোহিঙ্গা শিবিরগুলো পরিদর্শন করেন এবং এ সময় রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন। তিনি এলাকার রেজিস্ট্রেশন কেন্দ্র, স্বাস্থ্য ও খাদ্য বিতরণ কেন্দ্র, শিশু কেন্দ্র ও নারী বান্ধব স্থানগুলো ঘুরে ঘুরে দেখেন। এ সকল ব্যবস্থা রোহিঙ্গাদের সমস্যা সমাধানে সহায়তা করবে, তবে স্বাভাবিক জীবন পুনরায় শুরু করতে আরও সহায়তার প্রয়োজন।

ডিক্সন বলেন, বাংলাদেশের সরকার ও জনগণ এ সকল অসহায় রোহিঙ্গাদের জন্য বিশাল উদারতা দেখিয়েছে। সঙ্কট দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে সরকারের পাশাপাশি স্থানীয় এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থা ও উন্নয়ন অংশীদার সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। তাদের এই সহায়তায় হাজার হাজার রোহিঙ্গার জীবন বাঁচিয়েছে। তবে রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার প্রয়োজন। সরকার সাহায্যের আবেদন জানালে আমরা স্থানীয় জনগণ ও রোহিঙ্গাদের জন্য আরও সাহায্য সংগ্রহ করতে পারি। এতে স্থানীয় জনগণ ও রোহিঙ্গা শরণার্থীদের সকলেই এর সুফল পাবে।

ডিক্সন কক্সবাজারে রোহিঙ্গা জনগণের সহায়তায় কাজ করছে, এমন স্থানীয় সরকারের কর্মকর্তা এবং বিভিন্ন বাংলাদেশি ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.