Sylhet Today 24 PRINT

আপন জুয়েলার্সের মালিক দিলদারের মুক্তিতে ‘বাধা নেই’

সিলেটটুডে ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০১৮

রাজধানীর বিভিন্ন থানায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের করা অর্থপাচারের এক মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমকে পাসপোর্ট জমা রাখার শর্তে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর আগে তার বিরুদ্ধে থাকা চার মামলাতে জামিন দেয় হাইকোর্ট। সব মামলায় জামিন হওয়ায় তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (২১ জানুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

দিলদারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার জোসনা পারভীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউনুফ মাহমুদ মোরশেদ।

বনানীর একটি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াতের কথা বলে ডেকে নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই তরুণীকে নিয়ে ধর্ষণ করে আপন জুয়েলার্সের মালিক দিলদারের ছেলে সাফাত আহমেদ। পরে ওই দুই তরুণী সাফাতসহ তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা করেন। ধর্ষণের এ মামলা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এরপরই আপন জুয়েলার্সের অবৈধ লেনদেনের খোঁজে তদন্তে নামে শুল্ক গোয়েন্দা। আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুম থেকে ১৫ দশমিক ৩ মণ সোনা এবং ৭ হাজার ৩৬৯টি হীরার অলঙ্কার জব্দ করে শুল্ক গোয়েন্দা।

অনুসন্ধান শেষে গত ১২ আগস্ট আপন জুয়েলার্সের মালিক তিন ভাই দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধে মুদ্রা পাচারসহ বিভিন্ন অভিযোগে গুলশান, ধানমন্ডি, রমনা ও উত্তরা থানায় পাঁচটি মামলা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.