Sylhet Today 24 PRINT

শিক্ষামন্ত্রীর পিও সহ ‘নিখোঁজ’ ৩ জনকে গ্রেপ্তার দেখিয়েছে ডিবি

সিলেটটুডে ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০১৮

শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেনসহ তিনদিনে নিখোঁজ তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার রাতে মোতালেবকে মোহাম্মদপুরের বসিলা এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নাসির উদ্দিন ও লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হোসেন মতিনকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির উপ-কমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসিরের কাছে নগদ এক লাখ ৩০ হাজার টাকা পাওয়া গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পরে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল মতিন জানান, শিক্ষা মন্ত্রণালয়ে নানা দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোতালেব ও নাসিরকে গ্রেপ্তার করা হয়েছে। আর মতিনকে গ্রেপ্তার করা হয়েছে জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে।

এরআগে, শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেনকে ‘তুলে নেওয়ার’ অভিযোগে ঢাকার হাজারীবাগ থানায় একটি জিডি করেছে তার পরিবার।

সেখানে বলা হয়েছে, রাজধানীর বসিলা এলাকা থেকে শনিবার বিকেলে ৪৫ বছর বয়সী মোতালেবকে তুলে নেওয়া হয়। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসির উদ্দিন নিখোঁজ জানিয়ে গত বৃহস্পতিবার রাতে বনানী থানায় জিডি করেন তার শ্বশুর। নাসির বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারী কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিব।

গুলশান থেকে লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হোসেন মতিন 'নিখোঁজ' হন বলে শনিবার থানায় অভিযোগ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.