Sylhet Today 24 PRINT

পিতা প্রতিমন্ত্রী, কন্যা এপিএস

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০১৮

নিজের মেয়েকে সহকারী একান্ত সচিব (এপিএস) করলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

প্রতিমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মঙ্গলবার (২৩ জানুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তার নাম কানিজ ফাতেমা।

একজন প্রতিমন্ত্রী সরকারের প্রথম শ্রেণির কর্মকর্তাদের মধ্য থেকে উপসচিব পদমর্যাদার একজনকে একান্ত সচিব (পিএস) হিসেবে পান। এছাড়া পছন্দমতো একজনকে সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ দিতে পারেন।

এছাড়া বেতন কাঠামোর ১০ম গ্রেডে দুজন ব্যক্তিগত কর্মকর্তা অথবা ১৪তম গ্রেডে ব্যক্তিগত সহকারী এবং দুজন এমএলএসএস (অফিস সহায়ক) এবং একজন বাবুর্চি নিয়োগ দিতে পারেন প্রতিমন্ত্রী। এর বাইরে একজন ‘জমাদার’ এবং ‘অর্ডারলি’ হিসেবে আরও একজনকে নিয়োগের ক্ষমতা প্রতিমন্ত্রীর হাতে রয়েছে

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিমন্ত্রী যত দিন এ পদ অলংকৃত করবেন বা কানিজ ফাতেমাকে এই পদে যত দিন রাখার ইচ্ছা প্রকাশ করবেন তত দিন পর্যন্ত এই আদেশ কার্যকর হবে।

কানিজ ফাতেমা প্রতিমন্ত্রীর একমাত্র সন্তান।

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কেরামত আলীকে গত ৩ জানুয়ারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন প্রধানমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.